“রামুর ইয়াবা ডন নুরুল হাসেম ও হাসান আলী ২০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে আটক”
“হামিদুল হক মার্সাল
রামু প্রতিনিধি”
কক্সবাজার, ২৯ জুলাই: কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার চাকঢালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে চাকঢালা থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে চালকের আসনের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. নুরুল হাশেম (৩৫), পিতা-মৃত মালেকুজ্জামান, গ্রাম-উত্তর ফতেকারকুল এবং মো. হাসান আলী (২০), পিতা-আবু বক্কর, গ্রাম-তেচ্ছিফুল, উভয় পোস্ট ও থানা-রামু, জেলা-কক্সবাজারকে আটক করা হয়।
এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply