“লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসা ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশান সংলগ্ন সেতুর ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মো. আজিম আলী (২৬), মো. মনোয়ার হোসেন (৩২) এবং মো. ফরহাদ আলী (২২)-কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৫ গ্রাম), মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি DAYANG ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন ,মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply