“সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে- কাইয়ুম চৌধুরী”
“রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।”
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চল ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডার। দেওয়ান হাসন রাজা, রাধা রমন দত্ত, আরকুম শাহ, শিতালং ফকির, দুরবিন শাহ, শাহ আব্দুল করিমসহ অসংখ্য মরমী কবি, আধ্যাত্মিক সূফী-সাধকের জন্মভূমি এই সিলেট অঞ্চল। তাদের গানে সৃষ্টি ও স্রষ্টার ভেদ তত্ত্বসহ মানুষের হৃদয়ের ভাব ফুটে উঠেছে। তাদের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। রাগ সংগীতকে বিশ্বদরবারে সমাদৃত করতে ওস্তাদ আলী উদ্দিন খাঁ সহ যারা কাজ করেছেন তাদের উত্তরসুরী হিসেবে সিলেট ললিতকলা একাডেমির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রয়াস প্রশংসার দাবী রাখে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
সিলেট শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ কবির আহমদ এর সভাপতিত্বে ও সামিতা সালসাবিল খান ইকরার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর নজরুল ইসলাম।
সিলেট ললিতকলা একাডেমির অধ্যক্ষ বিপ্রদাশ ভট্টাচার্য্য এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আলম, সাংস্কৃতিক সংগঠক জ্যোতির্ময় মজুমদার, এডভোকেট এমদাদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, আমিরুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিভিন্ন পরিবেশনায় শুকান্তের পরিচালনায় শ্রুতি, আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পরিচালনায় দ্বৈতস্বর, রানা কুমার সিনহার পরিচালনায় আনন্দলোক, বিপ্রদাশ ভট্টাচার্য্যের পরিচালনা সিলেট ললিতকলা একডেমি অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply