জাতীয় মৎস্য সপ্তাহে মানিকগঞ্জে র্যালি, পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মন্ত্রীর নেতৃত্বে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি দেশের মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরতাজ আলম বাহারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের পুষ্টি নিশ্চিত করতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের সঙ্গে জনগণের অংশগ্রহণও জরুরি।
Leave a Reply