“মানিকগঞ্জের সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি এবং ভেজাল ঘি উৎপাদনের দায়ে একটি কারখানা সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
বুধবার সকালে উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামে গোপাল ঘোষের মালিকানাধীন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, গোপাল ঘোষ প্রায় ৭-৮ বছর ধরে দরগ্রামসহ আশপাশের বিভিন্ন হাটবাজার থেকে দুধ সংগ্রহ করে নিজ বাড়িতে ছানা তৈরি করে ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি হচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, কারখানায় গিয়ে দেখা যায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ প্রক্রিয়াজাত করে ছানা তৈরি করা হচ্ছে। ছানা ঠান্ডা করার জন্য যে পানি ব্যবহার করা হচ্ছিল তা ছিল খুবই অপরিষ্কার। কারখানার পাশেই রয়েছে টয়লেট এবং গোয়াল ঘর। এছাড়া সেখানে নকল ঘি তৈরি করে ঢাকার অভিজাত এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে অভিযুক্ত নিজেই স্বীকার করেন।
তিনি আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ছানা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে, কারখানাটি সিলগালা করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশের উন্নতি না করা পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে গোপাল ঘোষকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও তিনি একইভাবে ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদন অব্যাহত রেখেছিলেন।
Leave a Reply