“জাবি ভূগোল সমিতির (জুগা) নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত”
মো:শাকিল হোসাইন জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতির (জুগা) নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে দশটায় সমাজবিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের জিআইএস কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ও জুগার সভাপতি অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. বিবি হাফসা, প্রভাষক জান্নাতুন হুসনা তুয়াসহ ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে জাকসুর হল সংসদের নির্বাচিত প্রতিনিধি ও জুগার সদ্য নির্বাচিত প্রতিনিধিবৃন্দ।
শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকগণ ও বিভাগ থেকে জাকসুর শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদে কমনরুম সম্পাদক পদে নির্বাচিত মো. আরিফ হোসেন (ভূ ও প – ৫১) সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অতঃপর নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগ ও জুগার সভাপতি অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।
স্বাগত বক্তব্যে জুগার সাধারণ সম্পাদক (জিএস) মাহিব রেজা বলেন, “আজ থেকে আমাদের নতুন পথচলা শুরু হলো। এই শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রতিজ্ঞা। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ এবং বিভাগের উন্নয়নে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও আদর্শ বিভাগ গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ।”
জুগার সহসভাপতি (ভিপি) মো. সাজ্জাদউল ইসলাম বলেন, “নির্বাচনের পর আমাদের বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে ভূগোল ও পরিবেশ বিভাগ পুরস্কৃত হওয়ায় আমরা গর্বিত। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। একইসঙ্গে আমাদের দায়িত্বপূর্ণ যাত্রারও শুরু হলো। এই কমিটির প্রতিটি সদস্যই অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল। সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা বিভাগকে আরও সুসংগঠিত, গতিশীল ও এগিয়ে নিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের স্বার্থ, অধিকার ও একাডেমিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সমাপনী বক্তব্যে জুগা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আশা ও প্রত্যাশা তোমাদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। জুগাকে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেছি এবং এর মাধ্যমে জুগা স্বর্ণযুগে প্রবেশ করেছে। আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও অবদানের মাধ্যমে টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে ভূগোল ও পরিবেশ বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও পুরো বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া আমরা আরও কয়েকটি বড়ো প্রজেক্ট পেয়েছি, যার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যেই বিভাগে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”
Leave a Reply