“কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি”
(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি)
আসন্ন শ্রী শ্রী কালীপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রী শ্রী কালীপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় কালীপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, কালীপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক অনলাইন নজরদারি করা হবে।
পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা আমাদের যত বেশি তথ্য দিয়ে সহায়তা করবেন, তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।’ ধর্ম-বর্ণ ও পেশা নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে কালীপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শ্রী শ্রী কালীপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply