“নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা ও প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি সাহেপ্রতাব এলাকার একটি কলেজে গিয়ে তাদের ছেলের খোঁজ-খবর নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দগরিয়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরবর্তীতে তাদের ছেলে ও আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply