“ধুনটে ৩২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ প্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা প্রদান”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশনের ৩৪তম সুধী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। ‘মানবিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের (অব.) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক। তিনি মেধা ও মনন বিকাশে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় ৫ জন শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে। এছাড়া মেধা তালিকায় স্থান পাওয়া চতুর্থ ও সপ্তম শ্রেণির ৩২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বৃত্তির চেক।
ফাউন্ডেশনের সচিব আল ইমরান মুকুল ও প্রচার সম্পাদক টি.এম. সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, রফিকুল ইসলাম ফেরদৌস, শ্রী নিখিল চন্দ্র সরকার ও শফিকুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে এই ফাউন্ডেশনটি স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশে ও আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রভাষক জহুরুল ইসলাম, সেলিম রেজা, নুরুল আমীন চাঁন, শফিকুল ইসলাম তালুকদার, আতিকুল ইসলাম খোকন ও নাসির উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply