“রমজান উপলক্ষে ধুনটে উপজেলা প্রশাসনের অভিযান,৩ ব্যবসায়ীকে জরিমানা”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার ধুনট বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে ধুনট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন। তদারকিকালে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, সংরক্ষণে গাফিলতি এবং নির্ধারিত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ, মাংস ও ডিমের দোকানে গিয়ে দাম যাচাই করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ধুনট থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে স্বচ্ছতা বজায় রাখা ও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে পণ্য নিশ্চিত করতে রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply