“হাসপাতালের গেইট থেকে উধাও মোটরসাইকেল, সিসিটিভির সূত্রে ৯ ঘণ্টায় উদ্ধার-খাগড়াছড়ি পুলিশের ঝটিকা অভিযানে চোর গ্রেফতার”
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর হাসপাতালে দিনের আলোতেই চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও তাৎক্ষণিক অভিযানে এক চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে কালো রঙের ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল রেখে দায়িত্ব পালনে ভেতরে যান ইন্টার্ন (সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) মিরিন দেওয়ান (২৮)। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে ১নং গেইটে মোটরসাইকেলটি না পেয়ে হতভম্ব হন তিনি।
ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। রাত ৮টা ৪০ মিনিটে জিরোমাইল এলাকায় পার্ক সাইড হাসপাতালের সহযোগিতায় মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬)-কে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬ (তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, জিআর-২০, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড) রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply