“হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে ভোগান্তি দূর করতে কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট নিরসন, সেবার আধুনিকায়ন এবং সমন্বিত (ওয়ান-স্টপ) সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দালালচক্রের অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ, লাগেজ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করা হবে, যাতে যাত্রীরা কম সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারেন।
মন্ত্রী আরও বলেন, অতীতের নেতিবাচক চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে জনবান্ধব ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply