“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মোহাম্মদ ইজ্জত উল্লাহ”
বখতিয়ার উদ্দীন,উপজেলা প্রতিনিধি,তালা. সাতক্ষীরা,
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা খলিষখালী ইউনিয়নের কাটা খালি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঢাকা থেকে ছুটে আসেন তালা–কলারোয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (১৩ ই ফেব্রুয়ারী) জুমার নামাজের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয়দেরও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাটা খালি গ্রামের একটি গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে। এ সময় ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল এবং নগদ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা আগুনে পুড়ে যায়। এছাড়াও একটি গরু, দুটি ছাগল এবং বেশ কিছু হাঁস-মুরগি আগুনে মারা যায়। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিষয়টি জানার পর সংসদ অধিবেশন শেষে দ্রুত ঢাকা থেকে এলাকায় এসে তাদের পাশে দাঁড়ান সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মাদ ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সংসদ সদস্যের দ্রুত উপস্থিতি তাদের জন্য সাহস ও সান্ত্বনার বিষয়। মানবিক এই উদ্যোগে স্থানীয়রা মাননীয় এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply