“ধুনটে আপত্তিকর অবস্থায় রাতে যুবক আটক, সকালে হামলা—প্রবাসীর স্ত্রীর ঘটনাকে ঘিরে তোলপাড়”
আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহাদাৎ হোসেন প্রায় নয় বছর আগে মোর্শেদা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। তিন বছর আগে জীবিকার উদ্দেশ্যে তিনি সৌদি আরবে যান। এরপর থেকে তার স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছেন।
এ সময় একই গ্রামের ইমান আলীর ছেলে তানভীর রানার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মোর্শেদা খাতুনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়।
শনিবার গভীর রাতে তানভীর রানা মোর্শেদা খাতুনের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে দেখতে পান। রাত ১১টার দিকে শাশুড়ি বিষয়টি টের পেয়ে পরিবারের অন্যদের জানান। এরপর ঘরটির দরজা বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রানার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, রবিবার সকালে তারা দলবদ্ধ হয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালায় এবং ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে তানভীর রানাকে বের করে নিয়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজন আহত হন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply