“ঘোড়াঘাটে সড়কের ঢিবিতে লেগে ভ্যান উল্টে ট্রাকচাপায় চালক নিহত”
মোঃ কায়সার হাবীব পাপ্পু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ঢিবিতে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া অটোভ্যানের চালককে চাপা দিয়ে চলে গেছে একটি দ্রুতগতির ট্রাক। ঘটনাস্থলেই মারা গেছেন আবু সাইদ বাবলু (৫০) নামে ওই ভ্যানচালক। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা এক যাত্রী।
রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিতাইশা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঘোড়াঘাটের ওসমানপুরে আসেন ভ্যানচালক বাবলু। কাজ শেষে যাত্রীসহ ফেরার পথে নিতাইশা মোড় এলাকায় পৌঁছালে সড়কের পিচ গোলে তৈরি হওয়া উঁচু ঢিবিতে অটোভ্যানটির সামনের চাকা উঠে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের ওপর উল্টে পড়ে। এ সময় ভ্যানচালক বাবলু ছিটকে গিয়ে রাস্তার মাঝামাঝি পড়ে যান, আর যাত্রী হারুনুর রশিদ পাশের দিকে ছিটকে পড়েন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক বাবলুকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত যাত্রী হারুনুর রশিদ (৪২) জানান, হঠাৎ করে ভ্যানটা উল্টে গেল। আমি একদিকে পড়ে যাই, আর চালক রাস্তায় পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটা তাকে চাপা দিয়ে চলে যায়।
নিহত বাবলু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। আহত হারুনুর রশিদ একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, সড়কের শুধু ওই অংশই না, রাস্তা সংস্কারের পর থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ এর এই সড়ক। অতিমাত্রায় লুটপাট হওয়ায় রাস্তা আর রাস্তা নেই! রোডস্ এন্ড হাইওয়ের কর্মকর্তারাই তো সবচেয়ে বড় দূর্নীতিবাজ, তাদের লাগাম টানবে কে?
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply