“লালপুরে মোবাইল কোর্টের অভিযান: তেল বিক্রিতে জরিমানা,মাদক মামলায় কারাদণ্ড”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় জ্বালানি তেল সংক্রান্ত অনিয়ম ও মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
উপজেলার লালপুর বাজার সংলগ্ন ভাই ভাই ওয়েল সেন্টার ও কুন্ডু ওয়েল সেন্টারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাই ভাই ওয়েল সেন্টারে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কুন্ডু ওয়েল সেন্টারে অবৈধ মজুদের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযানের অংশ হিসেবে বিলমারিয়া বাজারের একটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের সহযোগিতায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দুইজনকে যথাক্রমে ১৫ দিন ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply