“মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা”
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. একে এম মোফাখখারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শাহ আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জাকিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে সবার জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জনগণকে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply