“লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু”
“লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”
নাটোর জেলার লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থানাধীন পোকোন্দা গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন সকালে তার অটোরিকশা (ভ্যান) নিয়ে আব্দুলপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে জনৈক তৈয়ব আলীর বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী স্টিয়ারিংচালিত গাড়ির সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মুক্তার হোসেন গুরুতর আহত হন। বিশেষ করে তার ডান কোমর ও কুচকিতে মারাত্মক আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর উদ্দেশ্যে পাঠান। তবে পথে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply