“দুমকিতে অগ্নি নিরাপত্তা নেই, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে খোলা চিঠি।”
এস, এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকি উপজেলার একজন সচেতন নাগরিক মো. জহিরুল ইসলাম সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে উপজেলার জন্য জরুরি ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানানো হয়েছে। মূহুর্তেই খোলা চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, দুমকি উপজেলা একটি সম্ভাবনাময় ও দ্রুত উন্নয়নশীল উপজেলা। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, ডিগ্রি কলেজ, সেনানিবাস, একাধিক সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাজার এলাকা। পায়রা সেতু সংলগ্ন লেবুখালী অঞ্চলসহ মুরাদিয়া বোর্ড অফিস বাজার, রাজাখালি, পাঙ্গাশিয়া, আঙ্গারিয়া ও চরগরবদী এলাকায় গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা।
কিন্তু দুঃখজনকভাবে, এত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবহুল এলাকাসমূহ থাকার পরও দুমকিতে এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। ফলে অগ্নিকাণ্ডের সময় স্থানীয় মানুষকে পড়তে হয় চরম বিপদের মুখে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অতীতে উপজেলার শ্রীরামপুর বাজার, রাজাখালি বাজার এবং মুরাদিয়া বোর্ড অফিস বাজারে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে বহু ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে গবাদি পশুও।
এমন প্রেক্ষাপটে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ও সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
সচেতন নাগরিকদের পক্ষ থেকে ইউএনও বরাবর উত্থাপিত এ খোলা চিঠিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।
Leave a Reply