“শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সিদ্দিক কে গ্রেফতার করেছে পুলিশ”
সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের মাটির নিচে লুকিয়ে রাখা ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের যাদুয়ারচর স্বাস্থ্য কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে শিবচর থানা পুলিশ। গ্রেফতার সিদ্দিক বেপারী ওই এলাকার কাদির বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির উঠানের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে সিদ্দিক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অতীতেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দারা বলেন, সিদ্দিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। তাই তার মতো মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সহজে জামিন না দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্দিক বেপারীকে আটক করা হয়েছে। তার বাড়ির উঠান থেকে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply