“মনোহরদীতে ৩০ নারীকে সেলাই মেশিন উপহার”সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বসুন্ধরা” স্বাস্থ্য মন্ত্রী
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নরসিংদীর মনোহরদীতে প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচিতেই স্বাবলম্বী নারী গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটরিয়ামে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সমাজকে ভালোভাবে গড়তে হলে সরকার ও সমাজের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।বসুন্ধরা শুভসংঘ সে কাজই করছে। সেলাই মেশিনের পাশাপাশি গাছের চারাও বিতরণ করছে, যা পরিবেশের জন্যও উপকারী। তাঁর নির্বাচনী এলাকায় এ উদ্যোগ গ্রহণ করায় তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, সেলাই মেশিনের মাধ্যমে নারীরা আয় করে সংসারে অবদান রাখতে পারবেন।নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত আয় সন্তানদের শিক্ষা ও পরিবারের কল্যাণে ব্যয় করা সম্ভব হবে। এতে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।
তিনি বলেন, সারা দেশের জেলা হাসপাতালে ১০ শয্যা কিডনি ডায়ালিসিস ইউনিট চালুর ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ১০ শয্যার ডায়ালিসিস সুবিধা চালু করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ বাড়ি কিংবা ছোট পরিসরে সেলাইয়ের কাজ শুরু করে পারিবারিক আয় বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, গত তিন বছরে সারা দেশে তিন হাজারের বেশি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, নরসিংদীর শিবপুর, মনোহরদীসহ জেলার বিভিন্ন এলাকায় অসচ্ছল মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে।
উপকারভোগী আছিয়া আক্তার বলেন, সেলাই মেশিনটি কাজে লাগিয়ে তিনি নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
শুভসংঘের মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিনুর রহমান সরকার দোলন এবং মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল।
Leave a Reply