“মানিকগঞ্জকে ইনসাফভিত্তিক আধুনিক মডেল পৌরসভা গড়ার প্রত্যয় তানজিল আহমেদের”
“আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার”
মানিকগঞ্জ, ৫ জুলাই: আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক দেওয়ান তানজিল আহমেদ ৬ নম্বর ওয়ার্ডের শহীদ রফিক সড়ক এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দেওয়ান তানজিল আহমেদ বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি মানিকগঞ্জ পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত একটি আধুনিক, পরিচ্ছন্ন, সমৃদ্ধ এবং দৃষ্টিনন্দন মডেল পৌরসভায় পরিণত করবেন।
তিনি বলেন, তার পরিকল্পনার মধ্যে রয়েছে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সড়কে আধুনিক স্ট্রিট লাইট স্থাপন, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, ডিজিটাল নাগরিক সেবা চালু, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণ, নারী ও শিশুবান্ধব নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ির ব্যবস্থা এবং জরুরি সেবার জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু করা।
তিনি আরও বলেন, “আমি এমন একটি পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে দল-মত নির্বিশেষে সকল নাগরিক ইনসাফ ও সমঅধিকারের ভিত্তিতে হয়রানিমুক্ত সেবা পাবেন। পৌরসভা হবে জনগণের, আর জনগণের কল্যাণেই প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এ সময় তিনি পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণভিত্তিক পৌর প্রশাসন প্রতিষ্ঠায় সকলের অংশগ্রহণের আহ্বান জানান।
গণসংযোগে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহউদ্দিন, জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক ওমর ফারুকসহ দলীয় নেতাকর্মী, সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply