“পাচ্চর ইউনিয়নকে আধুনিক ও মাদক মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিউটি শাখাওয়াত হোসেনের সংবাদ সম্মেলন”
“সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:”
আসন্ন মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বিউটি শাখাওয়াত হোসেন এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার (১০ই জুলাই) পাচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর গ্রামে প্রার্থীর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান পদ প্রার্থী বিউটি শাখাওয়াত হোসেন বলেন, “আমি যদি পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে পুরো ইউনিয়নের বিদ্যমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।”
বিশেষ করে নারী উন্নয়ন ও যুব সমাজকে রক্ষায় নিজের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই মাদকের ভয়াবহ থাবা থেকে আমাদের তরুন ও যুব সমাজকে রক্ষা করতে আমি কঠোরভাবে কাজ করে যাবো। পাশাপাশি অবহেলিত নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।” এ সময় তিনি পাচ্চর ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্টসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী মাঠের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিউটি শাখাওয়াত হোসেন আরও বলেন, “ইতিমধ্যেই আমি পাচ্চর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছি। আমি শতভাগ আশাবাদী যে, ইউনিয়নের সচেতন জনগণ তাদের মূল্যবান ভোট ও দোয়ার মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু তার বক্তব্যে বলেন, “আমি তৃণমূল রাজনীতি থেকে উঠে এসেছি। পাচ্চর ইউনিয়ন বিএনপির একজন কর্মী হিসেবে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে বহু জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সহধর্মিণী বিউটি শাখাওয়াত হোসেনকে আসন্ন পাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষণা করছি। তিনি পাচ্চর ইউনিয়নের সামগ্রিক কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। আমি ইউনিয়নের সকল স্তরের জনসাধারণের কাছে ওনার জন্য সমর্থন, ভোট ও দোয়া প্রার্থনা করছি।”
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— পাচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোঃ মাহবুবুর রহমান এবং পাচ্চর ইউনিয়ন ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply