“ধুনটে সাংবাদিকদের সঙ্গে ইউএনও আরিফ উল্লাহ নিজামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত”
“আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:”
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী-এর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ উল্লাহ নিজামী।
সভায় ইউএনও বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি তথ্যনির্ভর, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে ধুনট উপজেলার ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার মাদক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য, নদীভাঙন, পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। ইউএনও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে পরিচালিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সবসময় গণমাধ্যমকে সহযোগী হিসেবে বিবেচনা করে। জনগণের কাছে দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দিতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় এবং সহযোগিতা আরও শক্তিশালী করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রবণ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম রবি, মাসুদ রানা, জাহিদ হাসান, সুমন, ফজলে রাব্বী মানু, আশেকে এলাহী শিবলী, আশিক, গোলাম রব্বানী, জাকির হোসেন, আবু সুফিয়ানসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত বিভিন্ন সাংবাদিক।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভবিষ্যতেও প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply