“জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে দ্রুততম হয়ে প্রথম স্থান অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার উদীয়মান কিশোর অ্যাথলেট মোহাম্মদ আমান।
রোববার (২৬ জুলাই ২০৬) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী আমানের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
মোহাম্মদ আমান লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় সেরা স্থানটি দখল করায় আমানকে অভিনন্দন জানিয়েছে তাঁর পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং লালপুরের সর্বস্তরের মানুষ। আমানের এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে।
স্থানীয় ক্রীড়ামোদিদের মতে, উপযুক্ত প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনার সম্ভাবনা রয়েছে আমানের।
Leave a Reply