“লালপুরে পারিবারিক কলহের জেরে গলায় তার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় গলায় অটোভ্যান চার্জ দেওয়ার (বিআরবি) তার পেঁচিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোঃ ফরিদ উদ্দিন (৪১)। তিনি উপজেলার সেকচিলান উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রাতের খাবার খেয়ে ফরিদ উদ্দিন নিজ কক্ষে ঘুমাতে যান। পরে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তার স্ত্রী মোছাঃ মুনজুরা বেগম ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে অটোভ্যান চার্জ দেওয়ার বিআরবি তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামী ঝুলে আছেন। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামালে তিনি আগেই মারা গেছেন বলে নিশ্চিত হন।
খবর পেয়ে লালপুর থানার এসআই (নিরস্ত্র) সোহেল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম শুরু করেন এবং মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply