“জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল”
নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লার লাকসাম উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বাদ আসর আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা জেলা, লাকসাম উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক নেছার উদ্দিন সুমন, লাকসাম উপজেলা সভাপতি মাওলানা ফারুকী, সাধারণ সম্পাদক আমীর হোসেন, লাকসাম পৌরসভা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান হাসিব, লাকসাম পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মাওলানা সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা আনিছুল রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি নূর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি লাকসাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সালাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশে আরও একটি ৫ আগস্ট হতে পারে।”
বক্তারা তাদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply