ঘোড়াঘাটের ঐতিহাসিক মাওলানা নূর উদ্দিন (রহ.)-এর মাজার | শত বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের এক নিদর্শন।
মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
ঘোড়াঘাট-কামদিয়া সড়কের উত্তর পাশে মহুয়ার বাগ নামক স্থানে পাকা রাস্তার পাশে মাওলানা নূর উদ্দিন (রহ.)-এর মাজার অবস্থিত। মাজারকে কেন্দ্র করে নির্মিত সাবেক স্থাপনাগুলো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। কালের বিবর্তন ও নানা প্রতিকূলতা অতিক্রম করে বর্তমানে শুধু মাজারটিই টিকে আছে। এমনকি মাজারের ঘরটিও বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
জানা যায়, মাওলানা নূর উদ্দিন (রহ.) ঘোড়াঘাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এখানেই লেখাপড়া সম্পন্ন করে ইসলাম প্রচার ও শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, সাধক, শাস্ত্রজ্ঞ আলেম ও ইসলাম প্রচারক ছিলেন।
তিনি অসাধারণ বাগ্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ওয়াজ ও ধর্মীয় আলোচনাসভায় অংশগ্রহণের জন্য দূর-দূরান্ত থেকে দলে দলে মানুষ আসত। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক গুণাবলির কারণে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।
তাঁর মৃত্যুর পর এই স্থানেই তাঁকে সমাধিস্থ করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো তাঁর খ্যাতি ও আধ্যাত্মিক মর্যাদা সম্পর্কে নানা কথা প্রচলিত রয়েছে। বিপদ-আপদ থেকে মুক্তি এবং আধ্যাত্মিক শান্তি লাভের আশায় অনেক মানুষ নিয়মিত তাঁর মাজার জিয়ারত করতে আসেন।
Leave a Reply