“লেমুয়া উচ্চ বিদ্যালয়ে ‘আলোর কাফেলা’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত”
নিজস্ব সংবাদদাতা: রফিকুল ইসলাম রিফাত
সেনবাগ নোয়াখালী
স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখার লক্ষ্যে ‘আলোর কাফেলা’ নামক অলাভজনক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ছাতার পাইয়া ইউনিয়নের স্থানীয় লেমুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আলোর কাফেলার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসিব ভূঁইয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সুশৃঙ্খল পরিবেশে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং তাৎক্ষণিকভাবে কার্ড প্রদান করা হয়।
এ ছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে আরো উপস্থিত ছিলেন, নিশান উদ্দিন কপিল, হাফেজ সৈকত, রবিউল হাসান সহ মেয়ে স্বেচ্ছাসেবীবৃন্দ।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, আকস্মিক দুর্ঘটনার শিকার কিংবা জটিল রোগীদের জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। গ্রামীণ অঞ্চলের অনেক মানুষেরই এখনো রক্তের গ্রুপ জানা নেই। তাদের এই প্রয়োজনীয় সেবাটি দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং রক্তদানে উৎসাহী করে তুলতেই তাঁদের এ প্রয়াস।
ক্যাম্পেইনে অংশ নেওয়া অনেকে ‘আলোর কাফেলা’র এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এলাকা জুড়ে এ ধরনের আরও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক আরও নানা আয়োজন নিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে ‘আলোর কাফেলা’।
Leave a Reply