“তিস্তার পানি বিপদসীমার ওপরে বন্যার আশঙ্কা”
মোঃকবির হোসেন,জেলা প্রতিনিধি রংপুর
নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি হঠাৎ করে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমা ৫২.১৫ মিটার ছুঁয়ে প্রবাহিত হতে দেখা যায়, যা আশপাশের এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সৃষ্টি করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার সকালেও পানি বিপৎসীমার নিচে ছিল। দুপুরে আরও কিছুটা নামলেও সন্ধ্যার পর উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পানি আকস্মিকভাবে বাড়তে থাকে। এর ফলে তিস্তাপাড়ের ডিমলা, জলঢাকা ও গংগাচড়া উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষজন চরম উদ্বেগে দিন পার করছেন।
এ বিষয়ে ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “উজানে ভারী বর্ষণের কারণে হঠাৎ পানি বাড়ছে। আমরা প্রতিটি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীর পানি আরও বাড়লে দ্রুত আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply