“জিরো ওয়েস্ট ও জিরো প্লাস্টিক বাস্তবায়নে জাবিতে মতবিনিময় সভা”
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ‘জিরো ওয়েস্ট’ এবং ‘জিরো প্লাস্টিক’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মনোয়ারুল ইসলাম এবং নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যাও সভায় অংশ নেন।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ‘জিরো ওয়েস্ট’ ও ‘জিরো প্লাস্টিক’ ক্যাম্পাসে রূপান্তরের সম্ভাবনা এবং এ লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।
আলোচনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের মধ্যে এ বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগত ঐক্যমত পোষণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ ক্যাম্পাস গঠনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভায় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্রণী ভূমিকা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিরো ওয়েস্ট ও জিরো প্লাস্টিক বাস্তবায়নের উদ্যোগ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।
Leave a Reply