জাবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে চার বছর পর ফিরলো ‘বিসিএস আড্ডা’
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হয়েছে ‘বিসিএস আড্ডা’। শিক্ষার্থীদের বিসিএস প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং বিসিএস সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও দিকনির্দেশনা প্রদান করাই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) আয়োজনে ‘লাইভ এমসিকিউ প্রেজেন্টস বিসিএস আড্ডা সিজন ৭’ শীর্ষক এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪তম বিসিএসের মো. আশরাফুল আলম (অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব, মাদারীপুর), ২৭তম বিসিএসের আলিজা জামান শুপ্তি (সাধারণ শিক্ষা ক্যাডার), ৩৫তম বিসিএসের আরাফাত মোহাম্মদ নোমান (ঊর্ধ্বতন সহকারী সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) এবং ৪৬তম বিসিএসের তাশফিকাল সামি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট)। তাঁরা বিসিএস প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং নিজেদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া জেইউসিসি-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক মাহাদি হাসান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী সুযোগ তৈরিতে জেইউসিসি-এর ধারাবাহিক প্রচেষ্টা ও ক্যারিয়ার উন্নয়নে ক্লাবটির অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বক্তব্যে বলেন, “এত মানুষকে একসঙ্গে নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে আসতে দেখে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি জেইউসিসি-কে ধন্যবাদ জানাই।”
সেশন শেষে জেইউসিসি-এর সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
জেইউসিসি-এর সভাপতি এ এস এম মাশরুর রাইয়ান সাকিব বলেন, “বিসিএস আড্ডা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ তৈরি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও অর্থবহ সুযোগ তৈরিতে জেইউসিসি কাজ করে যাবে।”
ক্লাবটির সাধারণ সম্পাদক সৈয়দা সামিয়া আশরাফ বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও অর্থবহ আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
চার বছর পর আয়োজিত ‘বিসিএস আড্ডা সিজন ৭’ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি শেখার, বাস্তবভিত্তিক ধারণা অর্জনের এবং নিজেদের ক্যারিয়ার লক্ষ্যের দিকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার একটি দারুণ সুযোগ পেলেন।
Leave a Reply