“কয়রায় ডেঙ্গুর থাবা: হাসপাতালে ৫ জন ভর্তি, জনসচেতনতার তাগিদ স্বাস্থ্য”
কর্মকর্তার
খুলনা জেলা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে কয়েকজনের ডেঙ্গু শনাক্ত হওয়ায় উপজেলাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন,ঘুগরাকাটি এলাকার সোনালী আক্তার (২০),কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওনা গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও বামিয়া গ্রামের রিয়াজ মোল্লা (২৩)।
ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ আসার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমানে হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিয়মিত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন,জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা,শরীরে র্যাশ বা বমি হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে এসে চিকিৎসা নিন। জ্বর হলেই প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ যেমন ডাইক্লোফেন, অ্যাসপিরিন খাওয়া যাবে না। এতে রোগীর অবস্থা জটিল হতে পারে।
স্থানীয়দের অভিযোগ,বর্ষাকালে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় মশার বংশবিস্তার বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ফগিং ও পরিষ্কার অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মোক্তার হোসেন।
খুলনা।
Leave a Reply