“চলতি বছরের মধ্যেই ৭ম সমাবর্তন চায় জাকসু”
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এ দাবিতে রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি।
আবেদনে জাকসু উল্লেখ করে, দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন আয়োজন শিক্ষার্থীদের দীর্ঘ একাডেমিক যাত্রার আনুষ্ঠানিক স্বীকৃতি ও উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ সমাবর্তনের পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করলেও নতুন কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। ফলে তারা তাদের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন আনুষ্ঠানিকভাবে উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যেই সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরি। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক তথ্য হালনাগাদ, নিবন্ধনসহ সংশ্লিষ্ট প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। এরপর প্রায় তিন বছর পার হলেও নতুন সমাবর্তনের আয়োজন করা হয়নি। এ সময়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ অর্জন যথাযথভাবে উদযাপনের সুযোগ পাননি।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত প্রস্তুতি গ্রহণ করে চলতি বছরের মধ্যেই সপ্তম সমাবর্তনের আয়োজন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদ গ্রহণের সুযোগ পাবেন।”
ফেরদৌস আল হাসান আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপাচার্য ২০২৭ সালের ২৫ জানুয়ারির মধ্যে সপ্তম সমাবর্তন আয়োজনের কথা জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে আমরা ২০২৬ সালের মধ্যেই সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছি।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসুকে আশ্বস্ত করেছেন যে শিগগিরই সপ্তম সমাবর্তনের প্রস্তুতি কমিটি গঠন করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতেও সমাবর্তন আয়োজনের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই এবার ঘোষণার কার্যকর বাস্তবায়ন দেখতে চান শিক্ষার্থীরা।
জাকসুর মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চলতি বছরের মধ্যেই সপ্তম সমাবর্তন আয়োজন সম্ভব। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ক্যাম্পাসে উৎসবমুখর একাডেমিক পরিবেশ সৃষ্টি হবে।
আবেদনের শেষাংশে জাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে ২০২৬ সালের মধ্যেই সপ্তম সমাবর্তন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছে।
Leave a Reply