“শিবচরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত”
সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিল পদ্মায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শুরু হওয়া এই উৎসবমুখর প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত।
গ্রামীণ সংস্কৃতির প্রাচীন এই ঐতিহ্যকে কেন্দ্র করে বিল পদ্মা নদীর দুই পাড়ে শিবচরসহ আশপাশের জেলার হাজার হাজার মানুষের ঢল নামে। শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণ-নবীন নির্বিশেষে সকলের উপস্থিতিতে নদীর তীর এলাকা এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। নৌকা বাইচ দেখতে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনরা আসেন স্থানীয় বাড়িগুলোতে, ফলে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া নদীর পাড়জুড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পসরা।
বাঁশকান্দি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে প্রায় ছয়টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নৌকা বাইচ দেখতে আসা দর্শক সজীব হাসান বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। বিল পদ্মা নদীতে এমন সুন্দর আয়োজনের জন্য আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।”
বাইচ দেখতে আসা মাহাতাব আকন বলেন, আগে বর্ষাকালে বিভিন্ন নদীতে, বিলে বড় বড় নৌকা বাইচ হতো দুর দুরন্ত থেকে লোকজন দেখতে আসতো। এখন বর্ষাকালে তেমন পানি হয়না আগের মত বাইচ ও হয়না। তিনি বলেন, নৌকা গ্রামীণ বাংলার ঐতিহ্য এরকম আয়োজন মানুষ কে অনেক আনন্দ দেয়।
আয়োজক কমিটির এক সদস্য জানান, শতবছরের এই চিরচেনা ঐতিহ্য টিকিয়ে রাখতে এলাকায় নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
Leave a Reply