“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত”
নিজস্ব প্রতিনিধি,ঢাকা।
রাজধানীর দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার বালিকা শাখার তিন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণখানের গাওয়াইর স্কয়ার বিল্ডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো—সায়মা রহমান তাসনিম (২য় শ্রেণি), সামিয়া রহমান তাসনিম (৪র্থ শ্রেণি) ও সাবরিন সুলতানা (২য় শ্রেণি)।
মাদরাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে মাদরাসায় যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী রিকশায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে শিক্ষার্থীরা রাস্তায় পড়ে যায়। এ সময় আরেকটি রিকশা তাঁদের ওপর পড়ে। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়।
দ্রুত তাঁদের উদ্ধার করে কেসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হয়। সায়মা রহমান তাসনিমের হাত ও শরীরে জখমসহ হাত ভেঙে গেছে। সামিয়া রহমান তাসনিমের হাত, মুখ ও নাকে আঘাত লাগে। সাবরিন সুলতানার হাত ও শরীরে জখমসহ হাত ভেঙে গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে, সায়মা রহমান তাসনিম কেসি হাসপাতালে ভর্তি রয়েছে। সামিয়া রহমান তাসনিম প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। সাবরিন সুলতানাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী ও আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন। তাঁরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।
আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে আন-নাহদা মডেল মাদরাসা কর্তৃপক্ষ।
Leave a Reply