“জাবিতে জিআইএস ও রিমোট সেন্সিংভিত্তিক কৃষি ব্লক মডেল প্রশিক্ষণ কর্মশালা শুরু”
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগে ‘Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing’ শীর্ষক ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল এক্সটেনশনের (ডিএই) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৭১ জন বিসিএস কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, দেশের মধ্যে জিআইএস শিক্ষা ও প্রশিক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কৃষি মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এ বিভাগকে নির্বাচন করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। কৃষি ব্যবস্থাপনায় জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে মাটির বৈশিষ্ট্য, আবহাওয়া ও পরিবেশগত তথ্য বিশ্লেষণ করে কৃষকরা অধিকতর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
উপাচার্য আরও বলেন, কর্মশালায় অর্জিত জ্ঞান ও দক্ষতা অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেবেন। এর ফলে কৃষি উৎপাদন আরও বিজ্ঞানভিত্তিক ও টেকসই হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠনে কৃষি কর্মকর্তাদের সক্রিয় অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ এবং কর্মশালার প্রকল্প পরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা খন্দকার মো. ইফতিখার রাশেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. উবায়দুর রহমান সিদ্দিকী।
এর আগে সকাল সাড়ে ৯টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম তাঁর নিজ বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগে পৌঁছালে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এ সময় বিভাগীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপাচার্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, ২০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জিআইএস, রিমোট সেন্সিং, ভূ-তথ্য বিশ্লেষণ এবং কৃষি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
Leave a Reply