“লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ধুপইল (নওদাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধুপইল (নওদাপাড়া) গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে মো. হাবিবুর রহমান হাবন (৪৭) এবং একই গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. ইমন আলী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ধুপইল (নওদাপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমান হাবনের বসতঘরের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হাবিবুর রহমান হাবন ও ইমন আলীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) অনুযায়ী লালপুর থানায় মামলা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, হাবিবুর রহমান হাবনের বিরুদ্ধে লালপুর থানায় এর আগে আরও সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক)-এ দুটি মামলা করা হয়। ওই দুটি মামলায় পরবর্তী সময়ে অভিযোগপত্রও দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া ২০১৩ সালের একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারা; ২০১২ সালের একটি মামলায় ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ১১৪ ধারা এবং ২০১১ সালের একটি মামলায় দণ্ডবিধির ৪২৭, ১৪৩, ৪৪৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৭(ক) ধারায় হাবিবুর রহমানের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। এর একটি ২০০৭ সালের এবং অপরটির তারিখ পুলিশি তথ্যে উল্লেখ নেই।
পুলিশ বলছে, নতুন মামলায় আটক দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলবে।
Leave a Reply