“গোপালগঞ্জে সরকারি জমি উদ্ধার করে নির্মাণ হচ্ছে ইকোপার্ক”
মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে এই প্রথম ২০০ একর সরকারি জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে নির্মাণ করা হচ্ছে ইকোপার্ক। এই ইকোপার্কে থাকবে মসজিদ, টেনিস গ্রাউন্ড, সুইমিংপুল, কটেজ, ফুড কর্নার, পিকনিক স্পট, ঘাটলা, বিশ্রামাগার, সংযোগ সড়ক, সবুজ বনানী, বাচ্চাদের প্লে-গ্রাউন্ড, ফুল বাগানসহ দৃষ্টিনন্দন ও শোভাবর্ধনকারী অনেক কিছুই।
এখানে ইতোমধ্যে বনবিভাগের সহায়তায় বৃক্ষরোপণ করা হয়েছে, সড়ক বিভাগের সহায়তায় সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এলজিইডি আরো একটি সংযোগ সড়ক নির্মাণ করবে। জেলা পরিষদ মসজিদ নির্মাণের টেন্ডার আহবান করেছে, জনস্বাস্থ্য প্রকৌশল শৌচাগার ও সুপেয় পানির প্লান্ট নির্মাণ করবে। গনপূর্ত বিভাগ সুইমিংপুল, কটেজ, ফুড কর্নার, টেনিস গ্রাউন্ড, বিশ্রামাগার নির্মাণ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বালু ফিলিং করবে, বাদ যাবেনা কৃষি বিভাগও, তারাও শোভাবর্ধনে গাছ লাগাবে।
জেলার কাশিয়ানী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর তীরে কালনায় সরকারি ২০০ একর জমি নড়াইল জেলার সীমান্তবর্তী হওয়ায় নড়াইল জেলার লোকজন যুগ যুগ ধরে অবৈধ দখলে রেখেছিল। ২৪ এর গণঅভ্যুথানে সরকার পরিবর্তনের পর নবনিযুক্ত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নজরে পড়ে এই ২০০ একর সরকারি জমি। তিনি জেলার সরকারি সকল বিভাগের প্রধানদের নিয়ে এই জায়গাটি পরিদর্শন করেন। নড়াইল জেলা প্রশাসনের সহায়তা নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন এই জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। এরপর গোপালগঞ্জ জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেন সেখানে একটি ডিসি’স ইকোপার্ক নির্মাণের।
এরপর ইকোপার্ক নির্মাণের জন্য সুন্দর একটি ডিজাইনের প্রয়োজন দেখা দেয়। সেখানেও জেলা প্রশাসন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রস্তাবিত ডিসি’স ইকোপার্ক এর ডিজাইন তৈরী প্রতিযোগীতার আয়োজন করেন। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের এ বি সি ডি ৪টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্ক এর ডিজাইন তৈরী করার জন্য বলা হয়। সকল বিষয় বিবেচনা করে সি গ্রুপের ডিজাইনটি বিজয়ী ঘোষণা করা হয়। ওই ডিজাইন অনুযায়ী মধুমতির তীরে দেশের প্রথম ৬ লেনের মধুমতি সেতুর নড়াইল প্রান্তের কালনাঘাটে গড়ে উঠবে গোপালগঞ্জ ডিসি’স ইকোপার্ক।
এ উপলক্ষ্যে ডিসি’স ইকোপার্ক এর ডিজাইন তৈরী প্রতিযোগীতা-২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে ৫০ হাজার টাকার পুরষ্কার তুলে দেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, আরডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবির স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তৃতা করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিক ও গোবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কলেন, আমরা যেখানেই চাকুরী করি সেখানেই সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের বেদখল করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। কিন্তু, সেইসব সরকারি জায়গা সঠিক রক্ষণাবেক্ষণ না করায় আবার তা বেদখল হয়ে যায়। আমরা এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে সরকারি জায়গার সুষ্ঠ ব্যবহারের জন্য নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ডিসি’স ইকোপার্কের কাজ শুরু করি। এই ইকোপার্কটি নির্মাণ হলে সরকারি জায়গা সরকারের থাকবে। সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাবে, মানুষ বিনোদনের সুযোগ পাবে, দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এখানে আসবে। কালনাঘাটের এই ডিসি’স ইকোপার্ক গোপালগঞ্জ জেলার সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।
Leave a Reply