“ইন্দুরকানীর চর গাজীপুরে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম”
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চর গাজীপুর গ্রামে অতর্কিত হামলায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতরা হলেন, হাসান খান (৬৫), বেলায়েত (৫২) ও এনায়েত (৫০)। বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকাল ৯টার দিকে গোড়া খাল এলাকায় এ হামলা ঘটে। স্থানীয়দের দাবি, ইউপি সদস্য ইলিয়াস মেম্বারের ঘনিষ্ঠ আ. রহিম খান, মাহাবুব, মামুন, সফিক, ফেরদৌস, সাত্তার ও রফিকুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের স্বজনরা অভিযোগ করেন, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
শনিবার হাসপাতালে ইলিয়াস মেম্বার আহতদের দেখতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান।
স্থানীয় বিএনপি নেতারা ঘটনাটিকে পরিকল্পিত দাবি করে বলেন, এর আগেও একই চক্র এলাকায় হামলা চালিয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, থানায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply