“রাস্তা নেই, আছে দুই কালভার্ট, ব্যয় ৬৯ লাখ!”
এস,এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে রাস্তাবিহীন স্থানে পরপর দুটি বক্স কালভার্ট নির্মিত হয়েছে।খাল ও নালার উপর নির্মিত এই কালভার্টগুলো দিয়ে কোনো ধরনের যানবাহন বা মানুষের চলাচলই হচ্ছে না।এতে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—কার স্বার্থে এই প্রকল্প?
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০২২-২০২৩ অর্থবছরে ৬৯ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে কালভার্ট দুটি নির্মাণ করা হয়। এর মধ্যে একটি কালভার্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা এবং ৫০ মিটার দূরে আরেকটি কালভার্ট নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ডিজাইন না মেনে কাজ করায় এই প্রকল্পের কোনো বাস্তব সুফল পাওয়া যাচ্ছে না।
সাতানী গ্রামের বাসিন্দা ইউসুব হাওলাদার ও আবুল বাসার বলেন, স্থানীয় সাবেক এমপি এবিএম রুহুল আমীন হাওলাদারের মসজিদ কমপ্লেক্সের সুবিধার্থে এই কালভার্ট নির্মাণ করা হয়েছে।কিন্তু এলাকাটিতে কোনো রাস্তা নেই, এমনকি ভবিষ্যতে রাস্তা করারও কোনো পরিকল্পনা নেই বলে জানান তারা।ঠিকাদার মেহেদী হাসান রোহান জানান, তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নির্দেশনাতেই কাজ করেছেন এবং অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে পিআইও মোহাম্মদ আলী বলেন, স্থানীয় এমপির প্রকল্প হওয়ায় তার করার কিছুই ছিল না।টেন্ডার অনুযায়ীই কাজ সম্পন্ন হয়েছে।
Leave a Reply