“মাদক কারবারিদের বিরুদ্ধে বালিয়াখোড়া এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে মাদক ব্যবসা, দালালি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সচেতন এলাকাবাসীর এ উদ্যোগ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
রবিবার (৩ জুলাই) বিকেলে বালিয়াখোড়া বাজারের মেন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ফেস্টুন, ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদক ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বালিয়াখোড়া গ্রামে একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়াও কিছু দালালচক্র সাধারণ মানুষকে প্রতারণা ও হয়রানির মাধ্যমে ভোগান্তিতে ফেলছে।
এলাকাবাসী দাবি করেন, অবিলম্বে মাদক কারবারি ও দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামকে নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
এই মানববন্ধনের আয়োজন করেন বালিয়াখোড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ। তারা জানান, মাদক ও দালালমুক্ত সমাজ গঠনে প্রয়োজনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় বক্তব্য রাখেন, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়াল, অ্যাডভোকেট সেকেন্দার আলী, বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ তৈকির , ঘিওর থানা ছাত্র দল নেতা মেহেদী হাসান প্রমুখ।
Leave a Reply