“শিবপুরে নিয়মিত অফিস না করেও নিচ্ছেন বেতন ভাতা”
রাকিব আফ্রাদ,বিশেষ প্রতিনিধি,নরসিংদী।
নিয়মিত অফিস না করে বেতন-ভাতা উত্তোলন করার ঘোর অভিযোগ উঠেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী ও কাম-কম্পিউটার অপারেটর রোকেয়া রহমান ঝর্নার বিরুদ্ধে।
হাজিরা খাতা ও অফিস সূত্রে জানা যায়,রোকেয়া রহমান ঝর্ণা মাসের পর মাস অফিসে অনুপস্থিত থাকেন,মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় পুরো মাসের উপস্থিতির স্বাক্ষর করেন, ফলে ভোগান্তিতে পড়ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ঠিকাদার’রা।
জনবল সংকট থাকায় বারবার পিআইও অফিস থেকে নিয়মিত অফিস করার জন্য বলা হলেও নানান অজুহাতে তিনি অফিসে আসেন না।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায় রোকেয়া রহমান ঝর্ণা কর্মস্থলে অনুপস্থিত।
নিয়মিত অফিস না করার অভিযোগের বিষয়ে রোকেয়া রহমান ঝর্ণার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, অসুস্থতার কারণে আমি অফিস করতে পারি না,যতদিন অনুপস্থিত ছিলাম স্যারের অনুমতি নিয়েই ছিলাম,আগামীকাল অফিসে আসবো। এদিকে ছুটির কোনো প্রমাণাদি কাগজপত্র অফিসে সংরক্ষিত নেই বলে জানা গেছে।
নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলামের ভাষ্য,আমি এখানে নতুন এসেছি এ বিষয়ে জানিনা, জেনে বিস্তারিত বলতে পারবো।
অভিযোগের বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন বলেন,অফিস না করে বেতন-ভাতা উত্তোলনের কোনো সুযোগ নেই, তথ্য প্রমাণ সাপেক্ষে আমি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবো।
Leave a Reply