“রাস্তার কর্দমাক্ত অবস্থায় চরম ভোগান্তিতে দক্ষিণ বাড়ৈগাঁও এলাকাবাসী”
মোঃ:- নেছার আহমেদ,উপজেলা প্রতিনিধি
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাড়ৈগাঁও গ্রামের প্রধান সড়কের কর্দমাক্ত ও বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণত হয়, ফলে শিশু, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষদের চলাফেরা একেবারেই কষ্টকর হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটির উন্নয়ন বা সংস্কারের জন্য গত কয়েক বছরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুম এলেই কাদা-পানিতে চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। স্কুলগামী শিক্ষার্থীরা নিয়মিত কষ্টে পড়ে এবং রোগী বা জরুরি কাজে বের হওয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মু. রফিক মেম্বার বলেন, “দক্ষিণ বাড়ৈগাঁওয়ের রাস্তাটি এখন একেবারে কর্দমাক্ত। হাঁটতেও কষ্ট হয়। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আমরা একাধিকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তাটির সংস্কার করা হোক এবং জনদুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply