“এবার গাজীপুরের ট্রাভেল ব্যাগ থেকে খ/ন্ডি/ত মরদেহ উদ্ধার”
জিয়া/ শিবপুর প্রতিনিধি:
গাজীপুরে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার পরদিনই এবার টঙ্গীতে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার একটি দোকানের সামনে রাস্তার ওপর পড়ে থাকা ব্যাগটি দেখতে পান স্থানীয়রা। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের শেষ প্রহরে কেউ ওই ব্যাগটি ফেলে রেখে গেছে। এ ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোসাব্বির হোসেন বলেন, ‘ব্যাগে পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি-ভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
Leave a Reply