“ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার ডিও লেটার”
মোস্তফা জাফরি হামিম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক ধাপ অগ্রগতি হয়েছে। জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি ডিও লেটার জারি করেছেন। এর মধ্য দিয়ে বহু বছরের দাবি বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও চিকিৎসা সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে জেলার চিকিৎসা সুবিধা সীমিত এবং জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হয়। নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হলে জেলার পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষও উন্নত চিকিৎসা সেবা পাবেন।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী মহল এ পদক্ষেপকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন।শিক্ষার্থীরা দীর্ঘকাল যাবত আন্দোলন করেছে। তারা আশা করছেন, দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং চিকিৎসা ব্যবস্থার মান আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply