“জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আন্তঃশ্রেণি বিতর্ক উৎসব-২০২৫” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান”
মোস্তফা জাফরি হামিম,শিশু সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান গভ. মডেল গার্লস হাই স্কুলের আয়োজনে “আন্তঃশ্রেণি বিতর্ক উৎসব-২০২৫” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (১০ আগস্ট ২০২৫) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি আল আমিন জানান, “বিতর্ক হোক মেধা বিকাশের মাধ্যম” প্রতিপাদ্য নিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে ২২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা সাবিয়া তাবাসসুম রেজা ও চ্যাম্পিয়ন দলের দলনেতা অর্পা মিত্র ভৌমিক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাহমিনা আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি বিতর্কসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে জ্ঞানের গভীরতা বাড়ে।” তিনি বিজয়ীদের হাতে বই, সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং স্বাস্থ্য সচেতনতার নানা পরামর্শ দেন।
এছাড়া বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ জাকির হোসেন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব নিয়াজ মো. খান বিটু, বিতর্ক উৎসবের আহ্বায়ক ও সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মৃধা, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব জালাল উদ্দীন রুমি এবং অভিনেতা মোঃ নজরুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীর।
সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল লতিফ শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply