“কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় মানববন্ধন ও বিক্ষোভ”
মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার কুমিল্লা।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গণপিটুনিতে একই পরিবারের মা, ছেলে ও মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনার এক মাস ১০ দিন পর রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার (১১ আগস্ট) সকালে কড়ইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার নারী ও শিশু মানববন্ধনে অংশ নেন। এ সময় রাজপথ মুখরিত হয় প্রতিবাদী স্লোগানে। অংশগ্রহণকারীদের মুখে ছিল একটাই দাবি— “মাদক কারবারিদের ঠিকানা কড়ইবাড়িতে হবে না” এবং “নিরপরাধদের মুক্তি দাও, নয়তো আমাদেরও ধরে নাও”।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আকলিমা বেগম, জান্নাত আক্তার, শিউলি বেগম, নাসিমা বেগমসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, নিহত রুবি আক্তার দুই যুগ ধরে এলাকায় মাদক ব্যবসার আস্তানা গড়ে তুলেছিল। কেউ বাধা দিলে হুমকি-ধমকি ও মিথ্যা মামলার মাধ্যমে দমিয়ে রাখা হতো। গেল ৩ জুলাই মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভে ক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দেয়, এতে নিহত হয় রুবি ও তার দুই সন্তান।
প্রতিবাদকারীরা অভিযোগ করে বলেন, “গণপিটুনির ঘটনায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে, ফলে চুরি-ডাকাতি বেড়েছে। আমরা না খেয়ে মানবেতর জীবন যাপন করছি, রাতেও শান্তিতে ঘুমাতে পারি না। প্রতিদিন পুলিশি আতঙ্কে দিন কাটছে।”
তারা সুষ্ঠু তদন্ত ও নিরীহদের মুক্তির দাবি জানিয়ে সতর্ক করেন— যদি মিথ্যা মামলা ও নির্বিচার গ্রেপ্তার বন্ধ না হয়, তবে কড়ইবাড়ির নারী ও শিশুরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
Leave a Reply