“তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার”
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তজুমদ্দিন থানার এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সম্প্রতি শম্ভুপুর এলাকায় মাদক বিক্রির মাধ্যমে ব্যবসা বিস্তারের অভিযোগ ওঠে। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর পুলিশের একটি টিম ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, সাং—শম্ভুপুর ৫ নং ওয়ার্ড।
২. মো. রাহিম (২২), পিতা মৃত মাহফুজুর রহমান, সাং—শম্ভুপুর ৫ নং ওয়ার্ড।
৩. মো. রামিম (২১), পিতা তোফায়েল আহম্মেদ, সাং—শম্ভুপুর ৫ নং ওয়ার্ড।
অভিযান পরিচালনাকারী এসআই (নি.) মো. শহীদুল আলম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের ভোলা আদালতে পাঠানো হবে। তজুমদ্দিনে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানিয়েছেন, অভিযানে মাদক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশ নিয়মিত এমন অভিযান চালালে মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে এবং যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
উল্লেখ্য, ভোলা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ সম্প্রতি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply