“কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হত্যার হুমকি”
আরাফাত হোসেন মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় বিষয়টি কাউকে জানালে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়। বর্তমানে প্রচুর রক্তক্ষরণের কারণে শিশুটিকে ভর্তি করা হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC)।
অভিযুক্ত যুবকের নাম সোহাগ শিকদার। ঘটনার পর থেকেই তিনি পলাতক এবং তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে।
স্বজনদের অভিযোগ, গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের আক্কেল শিকদারের ছেলে সোহাগ শিকদার নিজ ঘরে ডেকে নেয় ৩য় শ্রেণির ওই শিক্ষার্থীকে। পরে শিশুটির নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। প্রায় তিন ঘণ্টা পর জ্ঞান ফেরে শিশুটির। কাউকে জানালে মেয়েটি ও তার পরিবারকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত।
রোববার দুপুরে প্রচুর রক্তক্ষরণ হলে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশুটিকে। পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নির্যাতিতার মা বলেন, “আমরা থানায় যেতে চাই না। সোহাগ ও তার লোকজন আমাদের মেরে ফেলতে পারে। খুব ভয় লাগছে। এই ঘটনার বিচার পাব কি না তাও জানি না।”
শিশুটি জানায়, “ঘরে ডেকে নিয়ে অজ্ঞান করার পর সোহাগ ধর্ষণ করেছে। কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছে।”
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত সুষ্ঠু বিচার দাবি করেছেন। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply